
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির ঘটনায় জড়িতদের ব্যাপারে জাতিকে প্রৃকত তথ্য জানাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।
মঙ্গলবার বেলা সোয়া ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের টাকা চুরির ঘটনা প্রকৃত সত্য উৎঘাটন করে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে।
একই সঙ্গে কিভাবে কারা অর্থ চুরির ঘটনার সঙ্গে জড়িত তা জাতির সামনে তুলে ধরতে হবে। গত ৪ থেকে ৮ ফেব্রুয়ারি সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের চলতি হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। এর মধ্যে ৮ কোটি ১০ লাখ ডলার গেছে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনে। মোট ৫টি সুইফট বার্তার মাধ্যমে এসব অর্থ চুরি হয়েছে উল্লেখ করে ১৫ মার্চ মতিঝিল থানায় মামলা করেন বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের ব্যাক অফিস অব দ্য ডিলিং রুমের যুগ্ম পরিচালক যোবায়ের বিন হুদা। মানি লন্ডারিং আইনে করা মামলাটির তদন্ত করছে সিআইডি।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বাংলাদেশ ব্যাংকের অর্থচুরির ঘটনার একটি বিশ্লেষণাত্মক পর্যালোচনা তুলে ধরেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, চৌধুরী কামাল ইবনে ইউসূফ, আব্দুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, ইনাম আহমেদ চেীধুরী, আমির খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টু, অধ্যাপক এম এ মান্নান, অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ, সাংবাদিক মাহফুজুল্লাহ প্রমুখ।