
চেক জালিয়াতি মামলায় নারায়ণগঞ্জের নিহত মেধাবী শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকীর বাবা রাফিউর রাব্বিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুর ১২টায় নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে রাব্বি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।
এসময় বিচারক মিয়াজী মোহাম্মদ শহীদুল আলম চৌধুরী আসামি ও রাষ্ট্রপক্ষের শুনানি শেষে রাব্বিকে কারাগারে প্রেরণের নিদের্শ দেন। গত বছরের ২৪ জুন চেক জালিয়াতির মামলায় তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিলেন আদালত। একইসঙ্গে তাকে ২ কোটি ১০ লাখ টাকা জরিমানাও করা হয়েছিল।
কোর্ট ইন্সপেক্টর হাবিবুর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন। আদালত সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ শহরের উত্তর চাষাঢ়া এলাকার জালালউদ্দীন বাদী হয়ে ২০১২ সালে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৭০ লাখ টাকার দুটি চেক জালিয়াতির মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, ২০১২ সালের ৮ ফেব্রয়ারি ও একই বছর ১৫ ফেব্রয়ারি নারায়ণগঞ্জ স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংকে রাব্বি ৭০ লাখ টাকার দুটি চেক জালাল উদ্দিনকে প্রদান করেন।
চেক দুটি ১৬ ফেব্রুয়ারি প্রত্যাখ্যাত হয়ে ২০ ফেব্রুয়ারি ফেরত আসে। পরবর্তীতে ২২ ফেব্রুয়ারি লিগ্যাল নোটিশের মাধ্যমে টাকা পরিশোধের অনুরোধ জানানো হয়। নোটিশ গ্রহণ করেন মার্চের ১ তারিখে। যার মেয়াদ শেষ হয় ৩০ মার্চ। কিন্তু টাকা পরিশোধ করেননি রাব্বি।
পরে ২০১৫ সালের ২৪ জুন নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মামুনুর রশীদের আদালত রফিউর রাব্বিকে এক বছরের সশ্রম কারাদণ্ড সঙ্গে আরো ২ কোটি ১০ টাকা লাখ অর্থদণ্ড দেন। এর পর রফিউর রাব্বি ৩৫ লাখ টাকা জমা দিয়ে রায় বাতিল চেয়ে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে ফৌজদারি আপিল (৫৬০৪/২০১৫) দায়ের করেন। চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি হাইকোর্ট রফিউর রাব্বি আপিল খারিজ করে দেন।
হাইকোর্টের রায়ের কপিসহ নথি গত ১৩ মার্চ নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে এসে পৌঁছলে আদালত সেটি রেজিস্ট্রিভুক্ত করার আদেশ দেন। পরে আদালত রফিউর রাব্বির সাজা পরোয়ানা ইস্যু করেন।