
বগুড়ায় ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন সবুজ হত্যা মামলায় তিন সহোদরকে মৃত্যুদণ্ড ও অপর তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. হাফিজুর রহমান এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন সহোদর হলেন- শহরের নাটাইপাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে রনি মন্ডল, মাসুম পারভেজ মাসুম, মাসুদ পারভেজ মুন্না। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- একই এলাকার রমজান আলীর ছেলে জাহাঙ্গীর, খোকন ও আজগর আলীর ছেলে আব্দুল মজিদ। এদের মধ্যে মাসুম পারভেজ মাসুম, খোকন ও আব্দুল মজিদ পলাতক আছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) রেজাউল হক জানান, এলাকায় আধিপত্য বিস্তারের জের ধরে ২০০৯ সালের ৫ জানুয়ারি বিকালে শহরের নাটাইপাড়া (কৃঞ্চপাড়া) এলাকায় ছাত্রলীগ কর্মী সবুজকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহত সবুজের বাবা আব্দুল গফুর বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে ৬ জনের বিরুদ্ধেই আদালতে চার্জশিট দাখিল করা হয়। দীর্ঘ শুনানি শেষে আজ দুপুরে আদালত মামলার রায় দেন।
সানবিডি/ঢাকা/অাহো