
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মার্কেটিং বিভাগের দুই শিক্ষার্থীকে মারধরকারী ছাত্রলীগ নেতাদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিভাগের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় রবীন্দ্র ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রশাসন ভবনের সামনে অবস্থান নেয়। এসময় তারা দোষীদের শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকে।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, কোন কারণ ছাড়াই আমাদের বন্ধুদেরকে বেধড়ক মারধর করা হয়েছে। তারা ক্ষমা চাইলেও ব্যাট ও স্টাম্প দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। তাদেরকে মেরে হাসপাতালে পাঠানো হয়েছে। তারা আরো বলেন, এ ঘটনার সুষ্ঠু বিচার না হলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।
পরে ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু ঘটনাস্থলে এসে আগামীকাল বেলা ১১টায় বিচার করা হবে বলে আশ্বস্ত করলে শিক্ষার্থীরা বিক্ষোভ স্থগিত করেন।
এর আগে তুচ্ছ ঘটনায় মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মোস্তাকীন রহমান সোয়াদ ও ইসরাত হোসেন ইমনকে ক্রিকেট ব্যাট ও স্ট্যাম্প দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ছাত্রলীগ কর্মীরা। আহতরা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) ৩৯ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
অভিযুক্ত ছাত্রলীগকর্মীরা হলেন, শাখা ছাত্রলীগের উপ-পাঠাগার বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন রুবেল, দর্শন বিভাগের মনিরুল ইসলাম, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মুন ও তার সঙ্গীরা।
সানবিডি/ঢাকা/আহো