
লক্ষ্মীপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের লাহারকান্দি এলাকায় ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় ছোট ভাইকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (৩০ নভেম্বর) রাত ৯টায় ওই এলাকার দমদমা পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি দমদমা পুকুরপাড় এলাকার আজিজ উল্যাহ দফাদার বাড়ির মমতাজুর রহমানের ছেলে তোফায়েল আহমেদ (৫২)। আটককৃত হোসেন আহমেদ তার আপন ছোট ভাই। তিনি ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।
স্থানীয়রা জানান, বুধবার সকালে তোফায়েলের সঙ্গে হোসেনের স্ত্রী জেসমিন বেগমের কথা-কাটাকাটি হয়। সন্ধ্যায় হোসেন বাড়িতে এলে জেসমিন তার কাছে বিচার দেন। এ সময় জেসমিন জানান, তোফায়েল তাকে মারধর করে ও গলা টিপে ধরে। এসব শুনে ক্ষিপ্ত হয়ে দা নিয়ে ঘর থেকে বের হন হোসেন। পরে দা দিয়ে কুপিয়ে বড় ভাইকে খুন করে।
এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ জানান, বুধবার রাতে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় ও স্বজনদের সঙ্গে কথা বলা হয়েছে। অভিযুক্ত হোসেনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
এম জি