শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
মঙ্গল শোভাযাত্রায় মানুষের ঢল
প্রকাশিত - এপ্রিল ১৪, ২০১৬ ১১:৫৫ এএম


নতুন বছরকে বরণ করে নিতে মঙ্গল শোভাযাত্রা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। বৃহস্পতিবার সকাল নয়টার পরে এই শোভাযাত্রাটি শুরু হয়। মঙ্গল শোভাযাত্রায় চারুকলার শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন স্থান থেকে আসা মানুষের ঢল নামে।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রক্টর ড. আমজাদ আলী, চারুকলা অনুষদের ডিন ড. নিসার হোসেন প্রমুখ।
এবারের শোভাযাত্রায় নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদী প্রতীক রূপে স্থান পেয়েছে মায়ের কোলে শিশু; সহিংসতার বিরুদ্ধে ঐক্যের প্রতীক হিসেবে একত্রিত তিনটি পাখি; শিশুদের সুরক্ষা ও বাংলা সংস্কৃতির পরিচায়ক প্রাণী- হাতি, হরিণসহ মোট নয়টি লোকজ পুতুল। রয়েছে দেশের ঐতিহ্যবাহী ময়ুরপঙ্খীর আদলে নির্মিত প্রতীকী নৌকা। এছাড়া শোভাযাত্রায় রাজা, রাণী, পেঁচা, বাঘসহ নানা প্রাণীর মুখোশ, টেপা পুতুল, পেপার ম্যাশও দেখা গেছে।
সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান নিয়ে শোভাযাত্রার মূল প্রতিপাদ্য ঠিক হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা থেকে নেয়া, ‘অন্তর মম বিকশিত করো অন্তরতর হে’।
এই বিষয়ে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন বলেছেন, এবছর আমাদের মূল ভাবনার জায়গাটা সামাজিক মূল্যবোধের অবক্ষয়। যার ফলে এখন মায়ের হাতে সন্তান, সন্তানের হাতে মা খুন হচ্ছে। সেই সঙ্গে ধর্ম ব্যবসায়ীদের আস্ফাালনসহ নানা অবক্ষয় চলছে। আমরা এসব থেকে মুক্তি চাই, আলোর দিকে যেতে চাই।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.