
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে কৃষক হক আলি হত্যা মামলায় তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমান অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
রোববার (৫ মার্চ) দুপুরে ঝিনাইদহ জেলা দায়রা জজ মো. নাজিমুদ্দৌলা এ দণ্ডাদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ৭ জুলাই হরিণাকুন্ডু উপজেলার মান্দিয়া গ্রামের কৃষক হক আলিকে মোবাইলে ডেকে নিয়ে যায় আসাদুল নামের এক ব্যক্তি। ৯ জুলাই সকালে গ্রামের একটি কলাবাগান থেকে তার মাটিচাপা দেয়া লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা খাতুন বাদী হয়ে ২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে হরিণাকুন্ডু থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ২০১৫ সালের ১ মার্চ পুলিশ ৪ জনকে আসামি করে আদালতে চার্জশীট দাখিল করে।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামি একই গ্রামের আসাদুল হক, খাকচার আলী মন্ডল ও আনিচুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন। মামলা চলাকালে আসামি তোয়াজ উদ্দিন মারা যাওয়ায় তাকে মামলা থেকে বাদ দেয়া হয়েছে।
এম জি