
রাজধানীর গুলিস্তানে সিদ্দিক বাজারে বিআরটিসি বাস কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণে ১৪ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০০ জন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইন-চার্জ বাচ্চু মিয়া সন্ধ্যা ৭টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে ১২ জন পুরুষ ও ২ জন নারী বলে জানান তিনি।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ বলেন, বিস্ফোরণে পাশাপাশি থাকা একটি সাত তলা ও একটি পাঁচ তলা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের একজন কর্মকর্তা জানান, ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডের বিপরীত দিকে সিদ্দিক বাজার এলাকায় বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। বিকেল ৪টা ৫০ মিনিটে বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। বর্তমানে সেখানে ১১টি ইউনিট কাজ করছে বলে জানান তিনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত বিস্ফোরণে অন্তত ১০০ জন আহত হয়েছেন। বিস্ফোরণে ভবনের সবগুলো তলায় জানালার কাঁচ উড়ে গেছে।
রমনা বিভাগের উপপুলিশ কমিশনার শহিদুল্লাহ সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, এখনো আহত রোগী হাসপাতালে আসছেন। আহতদের যেন দ্রুত হাসপাতালে নেওয়া যায় সে জন্য আমরা কাজ করছি। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
এএ