
কক্সবাজারের টেকনাফে কাভার্ডভ্যান ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় চালকসহ পাঁচজন আহত হয়েছেন।
গতকাল শুক্রবার (১০ মার্চ) দিনগত রাত ১২টার দিকে কক্সবাজার-টেকনাফ শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের টেকনাফের হোয়াইক্যং উলুবনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনায় নিহত নারীর পরিচয় মেলেনি।
প্রতক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া এলাকায় কক্সবাজারমুখি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোচালকসহ ছয়জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের গয়ালমারা এলাকার এমএসএফ হাসপাতালে ভর্তি করে। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। পরে আহত ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠান।
হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিচয় নিশ্চিতের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে। মরদেহটি কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আই এইচ