
রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় রাস্তা পারাপারের সময় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মারিয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধার ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটে দুর্ঘটনা। গুরুতর অবস্থায় উদ্ধার করে রাত আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১১ মার্চ) সকাল নয়টার দিকে তার মৃত্যু হয়।
ওই বৃদ্ধাকে নিয়ে আসা পথচারীরা জানান, শনির আখড়া এলাকায় রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী সিএনজিচালিত অটোরিকশা ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে রাস্তায় পড়ে থাকলে আমরা উদ্ধার করে রাত আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।
আই এইচ