
অবশেষে সুন্দরবনের আগুন নিভেছে। আগুন লাগার প্রায় ৭০ ঘণ্টা পর শনিবার (৩০ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে আগুন নিভেছে।
বাগেরহাট ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক (ডিএডি) মো. মানিকুজ্জামান আগুন নেভানোর বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার পৌনে ১২টায় আগুন নেভানোর কাজ শেষ করেছে ফায়ার সার্ভিস। আগুন নিভে গেলেও ঘটনাস্থলে বন বিভাগের সাথে দমকল বিভাগ যৌথভাবে পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে বলে জানান তিনি।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম বলেন, সুন্দরবনে লাগা আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলা হয়েছে। শনিবার সকাল থেকে বনে আর কোন ধোঁয়া দেখা যাচ্ছে না। এবারের আগুনে তুলাতলা এলাকার প্রায় সাড়ে তিন একর বনভূমি পুড়ে গেছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, বুধবার (২৭ এপ্রিল) বিকেলে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের ২৫ নাম্বার কম্পার্টমেন্টের তুলাতলা এলাকায় আগুন লাগে। এদিকে, সুন্দরবনে আগুন দেওয়ার অভিযোগে ৬ জনের নাম উল্লেখ করে বন আদালতে মামলা করেছে বনবিভাগ।
ধানসাগর স্টেশনের স্টেশন কর্মকর্তা (এসও) সুলতান মাহমুদ বাদী হয়ে বন আদালতে একটি মামলা দায়ের করেন। এ নিয়ে এক মাসের মধ্যে চার অগ্নিকাণ্ডের ঘটনায় বন বিভাগ তিনটি মামলা করা হলো।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম বলেন, সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজলার কতিপয় দুর্বৃত্ত তিন দফা বনভূমিতে পরিকল্পিতভাবে আগুন দিয়েছে। যার প্রমাণ আমাদের কাছে আছে। গত দুই দফা যারা আগুন দিয়েছে তাদের সঙ্গে আরও কয়েকজন সংঘবদ্ধ হয়ে সুন্দরবনের অন্তত ২০টি স্থানে আগুন দিয়েছে। আমরা তদন্ত করে পুরনো নতুন মিলে ছয়জনকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে বন আইনে আরও একটি মামলা করেছি।
দুপুরে প্রধান বন কর্মকর্তা মো. ইউনুছ আলী সুন্দরবন পরিদর্শনে যাচ্ছেন বলেও জানান তিনি।
সানবিডি/ঢাকা/আহো