
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, পঞ্চগড়ের সহিংসতা সরকারের পাতানো ঘটনা। সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদেই এই ঘটনা ঘটেছে। এর দায় দায়িত্ব সম্পূর্ণ সরকারকেই নিতে হবে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে এক বর্ধিত সভায় এসে এ মন্তব্য করেন তিনি।
পঞ্চগড়ের সংঘর্ষের ঘটনা সরকারের মদদপুষ্ট একটি চক্র ঘটিয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, নির্বাচনের আগে যখন জনগণ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছে ঠিক তখনি আন্দোলনকে অন্যদিকে প্রবাহিত করতে পূর্ব পরিকল্পিতভাবে এ সংঘর্ষ ঘটানো হয়েছে। আর এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত মানুষ ও নেতাকর্মীদের নামে মামলা দেওয়া হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে।
মির্জা ফখরুল অভিযোগ করে আরও বলেন, রেলমন্ত্রীর সামনে আহমদীয়া সম্প্রদায়ের লোকজন স্পষ্ট করে বলেছেন আপনার আশেপাশে লোকেরা এই সহিংসতা সঙ্গে জড়িত। তার মধ্যে আব্দুর রহমানের নাম এসেছে কিন্তু তাদের কাউকেই গ্রেপ্তার করেনি পুলিশ, মামলাও হয়নি তাদের বিরুদ্ধে। উল্টো বিএনপি'র বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ১৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, গতকাল তথ্যমন্ত্রী সেখানে গিয়ে সাবেক সংসদ সদস্য হারুনর রশিদ ও রুমিন ফারহানাকে দায়ী করে অবলিলায় মিথ্যা বক্তব্য দিয়েছেন। তথ্যমন্ত্রী বলেছেন- এ সংঘর্ষের ঘটনা তাদের ফেসবুক আইডি থেকে এ ঘটনাকে পশ্রয় দেওয়া হয়েছে। যা মিথ্যা ও ভিত্তিহীন- আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তথ্যমন্ত্রীর উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, দয়া করে এসব মিথ্যা প্রচারণা বন্ধ করুন এতে আপনাদের কোন লাভ হবে না।
এম জি