
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় আরও একটি মামলা হয়েছে। সরকারি কাজে বাধার দেওয়ার অভিযোগে পুলিশ বাদী হয়ে রোববার রাতে এ মামলা দায়ের করেছেন। এতে ২৫০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
রোববার (১২ মার্চ) রাতে নগরের মতিহার থানায় হওয়া মামলাটির বাদী থানার উপ-পরিদর্শক (এসআই) আমানত উল্লাহ।
এ মামলায় মো. তসলিম আলী ওরফে পিটার (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নগরের খোঁজাপুর এলাকার বাসিন্দা। তিনি একটি বাসের কাউন্টারের চেইনমাস্টার।
উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনোদপুর এলাকার স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। হামলা-সংঘর্ষ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছোড়া কাঁদানে গ্যাসের শেলে আহত হয়েছেন দুই শতাধিক শিক্ষার্থী। এর মধ্যে একটি পুলিশ বক্স ও অন্তত ৩০টি দোকান পুড়িয়ে দেওয়া হয়। আহত শিক্ষার্থীদের মধ্যে ৯০ জন রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন এক শিক্ষার্থী। ছয়জন শিক্ষার্থীর চোখে অস্ত্রোপচার করা হয়েছে।
এম জি