
ঝালকাঠির রাজাপুরের কানুদাসকাঠিতে বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে বাসের সুপারভাইজার ও এক যাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার (২৪ মার্চ) সকাল ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১৩ জন।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
আহত বাস যাত্রীরা জানান, বরিশাল থেকে যাত্রী নিয়ে পাথরঘাটার উদ্দেশ্যে সকালে যাত্রা শুরু করে বাসটি। ছাড়ার পর থেকে চালক, হেলপার ও সুপারভাইজারদের মধ্যে বাকবিতণ্ডা হয় কয়েক দফা। এ কারণে চালক বেপরোয়া গতিতে গাড়িটি চালাচ্ছিলেন।
একপর্যায়ে বরিশাল-পাথরঘাটা সড়কের কানুদাশকাঠি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে বাসটির ধাক্কা লাগে। এতে দুমড়েমুচড়ে খাদে পড়ে যায় বাসটি।
রাজাপুর থানার ওসি পুলিক চন্দ্র রায় জানান, ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার ও একবাস যাত্রী নিহত হয়েছেন। এছাড়া অন্তত ১০-১২ জন যাত্রী আহত হন। দুর্ঘটনায় যান চলাচল বন্ধ হলে পুলিশ তাৎক্ষণিকভাবে যান চলাচলের ব্যবস্থা করে।
এম জি