
বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে ১ কোটি টাকা অনুদানের ঘোষণা দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
রোববার (৯ এপ্রিল) দুপুরে বঙ্গবাজারে ঘটনাস্থল পরিদর্শনকালে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন এ ঘোষণা দেন।
এফবিসিসিআই সভাপতি বলেন, আমি দেশের বাইরে ছিলাম। গতকাল সকালে ওমরাহ শেষে দেশে আসলাম। আমাদের সংগঠনের সহ-সভাপতি এর আগেও এখানে এসেছেন। এ ঘটনা ব্যবসায়ীদের জন্য খুবই দুঃখজনক। এখানকার ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ব্যবসা করে রোজার মাসে।
তিনি বলেন, মার্কেটটির একটা স্থায়ী সমাধান দরকার। দোকান মালিক সমিতিকে আহ্বান জানাবো, এটার একটা ব্যবস্থা করার জন্য। প্রয়োজনে এফবিসিসিআই পাশে থাকবে।
তিনি আরও বলেন, সব ব্যবসায়ীকে আহ্বান জানাবো তাদের পাশে দাঁড়ানোর জন্য। ব্যবসায়ীরা পাশে দাঁড়ালে সাধারণ মানুষও তাদের পাশে দাঁড়াবে।
এফবিসিসিআই সভাপতি এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাহায্যে এগিয়ে আসতে দেশের সকল ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
প্রসঙ্গত, গত ৪ এপ্রিল সকাল সোয়া ৬টায় রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের অর্ধশত ইউনিট ঘটনাস্থলে যায়। তাদের সঙ্গে পুলিশ, র্যাব, সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও সশস্ত্র বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় দুপুর সাড়ে ১২টার দিকে ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু তার আগেই আগুনে সবকিছু হারিয়ে নিঃস্ব হন বঙ্গবাজারের কয়েক হাজার ব্যবসায়ী।
ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে তাদের অন্তত ২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।
এএ