
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার দখলদারি সরকারের ভূমিকা পালন করছে। তারা রাজতন্ত্র কায়েম করতে চায়। এখন একটাই পথ, এ সরকারকে সরাতে হবে।
মঙ্গলবার (১১ এপ্রিল ) দুপুরে গুলশানের একটি হোটেলে ‘ডিজিটাল নিরাপত্তা আইন, গণতন্ত্র এবং সাংবিধানিক কাঠামো’ শীর্ষক এ আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, এই সরকারকে সরানোর কোনো বিকল্প নেই। বিচার বিভাগের বিচার পাওয়া এখন একটা ভাগ্যের ব্যাপার। অর্থনৈতিক এবং স্বাস্থ্য ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করা হয়েছে। সামনে নির্বাচন রেখে তারা নতুন নতুন আইন করছে, যাতে কেউ রুখে দাঁড়াতে না পারে।
মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার একটি অবৈধ সরকারই নয়, তারা দখলদারি সরকারের ভূমিকা পালন করছে। আমাদের গণতন্ত্রকামী জাতিকে একটি ভয়াবহ সংঘাতের দিকে ফেলে দেওয়া হচ্ছে। কীভাবে নাগরিককে ভয়-ভীতি দেখিয়ে দাস করে রাখা যায়, তারই প্রতিচ্ছবি দেখা যাচ্ছে বাংলাদেশে।
তিনি বলেন, তত্ত্বাবধায়ক নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচন দিতে হবে। এর মাধ্যমে সবাই ভোটাধিকার ফিরে পাবে। ডিজিটাল নিরাপত্তা আইন নামের এই কালো আইন বাতিল করতে হবে।
এম জি