
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা মুক্তিসংগ্রামী বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১২ এপ্রিল) এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মরহুম ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
মির্জা ফখরুল বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী ডা. জাফরুল্লাহ চৌধুরী আজীবন দেশ, জাতি ও জনগণের কল্যাণে অবদান রেখেছেন। তিনি ছিলেন অত্যন্ত স্পষ্টবাদী।
তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে মুক্তিযোদ্ধা ও সাধারণ জনগণের জন্য ফিল্ড হাসপাতাল, স্বাধীনতা পরবর্তীকালে স্বল্প মূল্যে চিকিৎসার জন্য গণস্বাস্থ্য হাসপাতাল প্রতিষ্ঠাসহ শিক্ষা, স্বাস্থ্য, নারী উন্নয়ন এবং সমাজ সংস্কারে ও বিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। রাষ্ট্রের সকল সঙ্কটে তিনি এগিয়ে এসেছেন অকুতোভয় সৈনিক হিসেবে।
বিএনপি মহাসচিব বলেন, দেশ ও জনগণের কল্যাণে তাঁর বলিষ্ঠ অবদানের স্বীকৃতি হিসেবে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বীর উত্তম জাফরুল্লাহ চৌধুরীকে প্রথম স্বাধীনতা পদকে ভূষিত করেন।
তিনি আরও বলেন, ডা. জাফরুল্লাহ আওয়ামী সরকারের গণতন্ত্র বিরোধী কার্যকলাপ এবং ভোটাধিকার হরণের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অসাধারণ ভূমিকা রেখেছেন এবং দুর্নীতি, দুঃশাসনের বিরুদ্ধে স্বোচ্চার ছিলেন।
মির্জা ফখরুল বলেন, তাঁর মৃত্যুতে আমি শোকাহত। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
এম জি