
গত কয়েক দিন ধরেই তীব্র তাপপ্রবাহে অস্থির জনজীবন। আজও (১৭ এপ্রিল) দাবদাহের পরিমাণ অপরিবর্তিত থাকতে পারে ঢাকা, রাজশাহী, খুলনা, রংপুর ও বরিশালে। তবে বহুকাঙ্ক্ষিত বৃষ্টির দেখা পেতে পারে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম।
সোমবার (১৭ এপ্রিল) কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ তার এক ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন।
পোস্টে পলাশ লিখেন, ‘শুভ সকাল বাংলাদেশের সবাইকে। ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের মানুষদের জন্য বৃষ্টিপাতের সম্ভাবনার সুসংবাদ ও রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল ও ঢাকা বিভাগের বেশির ভাগ জেলাগুলোতে তাপপ্রবাহের অবস্থা অপরিবর্তিত থাকার দুঃসংবাদ।’
তিনি লিখেন, আপনাদের হয়তো মনে আছে ১৪ এপ্রিলের পূর্বাভাস দিয়েছিলাম যে, আগামী ১৭ ও ১৮ এপ্রিল বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোনো কোনো জেলায় দুর্বল কালবৈশাখী ঝড়সহ খুবই হালকা পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সকাল ৯টার সময় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে, আজ সকাল ১০টার পর থেকে দুপুর ৩টার মধ্যে ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে।
‘বিশেষ করে নেত্রকোণা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা সর্বোচ্চ।’
দাবদাহের পরিস্থিতি নিয়ে পোস্টে বলা হয়, ‘রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল ও ঢাকা বিভাগের বেশির ভাগ জেলাগুলোর তাপপ্রবাহের অবস্থা অপরিবর্তিত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। আজ ঢাকার তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে, তবে আজ ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের জেলাগুলোতে গরমের প্রভাব বেশি থাকার সম্ভাবনা রয়েছে।
‘কারণ কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে, বঙ্গোপসাগর থেকে গরম ও জ্বলীয় বাষ্পযুক্ত বাতাস বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর দিকে অগ্রসর হচ্ছে।’
এম জি