
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মসজিদ থেকেই মাদক ও নারী সহিংসতার বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে হবে। কিছু মানুষ ইসলামের মূল বাণী অনুসরণ না করে অন্য ধর্মের প্রতি অবমাননা এবং হামলা করে, যা কখনওই কাম্য নয়।
তিনি বলেন, ইসলাম সব ধর্মের প্রতি সহনশীল আচরণের শিক্ষা দেয়। কিছু লোক জঙ্গিবাদে জড়িয়ে ইসলামকে প্রশ্নবিদ্ধ করছে, এ জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তিনি।
সোমবার (১৭ এপ্রিল) সকালে গণভবনে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মূলত, দেশের প্রতিটি জেলা ও উপজেলায় মডেল মসজিদ নির্মাণের অংশ হিসেবে চতুর্থ ধাপে ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। ঈদের দিন থেকেই মসজিদগুলোতে মুসল্লিরা নামাজ আদায় করতে পারবেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, শান্তির ধর্ম ইসলামের মূল বাণী দেশব্যাপী পৌঁছে দিতেই সারা দেশে মডেল মসজিদ প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে। বর্তমান সরকারের উদ্যোগের কারণেই দেশে প্রথমবারের মতো খুতবা ভাতার প্রচলন হয়েছে।
এম জি