
ব্যবসা সহজ, বিনিয়োগ আকর্ষণ ও পারস্পরিক প্রযুক্তিগত সহায়তা প্রদান এবং আধুনিক বিনিয়োগ পরিবেশ তৈরির লক্ষ্যে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও গবেষণা সংস্থা বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড)। এ লক্ষ্যে একটি সমঝোতা স্মারক সই করেছে সংস্থা দুটি।
সোমবার (১৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁও বিডা কার্যালয়ে এক অনুষ্ঠানে এ চুক্তি সই হয়।
বিডার নির্বাহী সদস্য মোহসিনা ইয়াসমিন ও বিল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগম নিজ নিজ সংস্থার পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। এ সময় বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া ও বিল্ড চেয়ারপারসন ব্যারিস্টার নিহাদ কবীর উপস্থিত ছিলেন।
বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া বলেন, এখন থেকে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে বিডার সহযোগী হিসেবে কাজ করবে বিল্ড। সংস্থাটির সঙ্গে সমঝোতা স্বাক্ষরের ফলে আরও বেশি বিনিয়োগ আকর্ষণ ও নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্প্রসারণ সহজ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
দেশে নতুন বিনিয়োগের ক্ষেত্রে গবেষণা ও প্রযুক্তির প্রয়োগ আবশ্যক উল্লেখ করে তিনি আরও বলেন, ব্যবসা-বাণিজ্য বিনিয়োগ এখন আর ২০ বছর আগের মতো নেই। নতুন বিনিয়োগের ক্ষেত্রে গবেষণা ও প্রযুক্তির প্রয়োগ করতে হবে। সেই সঙ্গে বিনিয়োগ খাতগুলোকেও নির্ধারণ করতে হবে।
বিডার নির্বাহী সদস্য মোহসিনা ইয়াসমিন জানান, এই চুক্তির ফলে দুই প্রতিষ্ঠানের মধ্যে সংলাপ ও সেমিনার অনুষ্ঠিত হবে। এ ছাড়া ব্যবসায়িক-বিনিয়োগ সম্মেলন আয়োজন, গবেষণা ও পারস্পরিক তথ্য বিনিময়ের একটি প্ল্যাটফর্ম তৈরি হবে। যার মাধ্যমে বেসরকারি খাতে বিনিয়োগের ক্ষেত্রে সাধারণ নিয়ন্ত্রক বাধাগুলো চিহ্নিত করা যাবে। পাশাপাশি বাধাগুলো সহজে দূর করাও সম্ভব হবে।
আর বিল্ডের চেয়ারপারসন নিহাদ কবির বলেন, ‘ধারাবাহিক উন্নয়নের ফলে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। সেই সঙ্গে বিশ্বব্যাপী অর্থনৈতিক কর্মকাণ্ড প্রযুক্তিনির্ভর ও দ্রুততর হয়েছে।’ তাই বিনিয়োগ আকর্ষণের জন্য দেশের সুযোগ-সুবিধাগুলো বিদেশিদের কাছে তুলে ধরতে হবে বলেও জানান তিনি।
বিল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগম বলেন, বিল্ড বাংলাদেশে বিনিয়োগ সুযোগ-সুবিধা ও ব্যবসায়িক সংস্কারের লক্ষ্যে বিডার সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করবে। এরই মধ্যে ৯টি খাত চিহ্নিত করা হয়েছে। যার ভিত্তিতে বিডা ও বিল্ড প্রতি তিন মাসে একবার অগ্রগতি ও করণীয় নিয়ে নিজেদের মধ্যে সভার আয়োজন করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিডা ও বিল্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট দফতরগুলোর প্রতিনিধিরা।
এএ