
লালমনিরহাটের মহেন্দ্রনগরে লালমনি কমিউটার-৩ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ৫ ঘণ্টা পর সারা দেশের সঙ্গে লালমনিরহাটের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে মহেন্দ্রনগর রেলস্টেশনের ১০০ মিটার দূরে এ ঘটনা ঘটে। এরইমধ্যে এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি তৈরি করেছে লালমনিরহাট রেলওয়ে বিভাগ।
জানা যায়, লালমনি কমিউটার-৩ যাত্রীবাহী ট্রেনটি রংপুর থেকে সকাল ১১টায় লালমনিরহাটের উদ্দেশে ছেড়ে আসে। কিন্তু ট্রেনটি মহেন্দ্রনগর স্টেশনের কাছাকাছি এলে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এ সময় কোনো যাত্রী আহত না হলেও রেললাইন বাঁকা হয়ে যায় এবং ট্রেনের দরজা ভেঙে যায়। লাইনচ্যুত হওয়ার কারণে লালমনিরহাটের সঙ্গে রংপুর-কুড়িগ্রাম ও ঢাকার যোগাযোগ বন্ধ হয়ে যায়। ৫ ঘণ্টা পর পুনরায় রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে সহকারী পরিবহন কর্মকর্তা ফারুকুল ইসলাম জানান, উদ্ধারকারী রিলিফ ট্রেন নিয়ে আসা হয়েছে। ঘটনার ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ইতোমধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এএ