
রাষ্ট্রপতি তার কর্মের মধ্য দিয়েই যোগ্যতা প্রমাণ করবেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজনৈতিক সংকট সমাধানে নতুন রাষ্ট্রপতি ভূমিকা রাখবেন কি না, এ নিয়ে মির্জা ফখরুল ইসলাম যে সংশয় প্রকাশ করেছেন তার জবাবে তিনি এ মন্তব্য করেন।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে জাতীয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন নেতার মাজারে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, রাষ্ট্রপতি নতুন এসেছেন। আমরা মনে করি রাষ্ট্রপতি পরিবর্তন যে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক উপায়ে হয়েছে এটা দেশে বিরল ঘটনা। তিনি মনে প্রাণে একজন বাঙালি। গণতন্ত্র, দেশপ্রেম, সবই তার চেতনায় আছে। তিনি বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী। তার সম্পর্কে আমি এটুকু বলতে চাই, বাকিটা তার কর্মের দ্বারা তিনি প্রমাণ করবেন। তিনি কতটা যোগ্য।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেরে বাংলা এ কে ফজলুল হক ছিলেন অসাম্প্রদায়িক মানবতাবাদী চেতনার নেতা। বর্তমান রাজনীতি সাম্প্রদায়িক অপশক্তিতে জর্জরিত, তাদের বিরুদ্ধে লড়াইয়ের শিক্ষা দিয়ে গেছেন বঙ্গবন্ধু ও জাতীয় নেতারা। আর সেই পথেই হাঁটছে আওয়ামী লীগ।
এ সময় আসন্ন সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে দলের অবস্থান আগের মতোই থাকবে। সময় হলে ব্যবস্থা নেবে দল।
এম জি