
কুমিল্লার নাঙ্গলকোটে জবা বেগম নামের এক বৃদ্ধাকে হত্যার অভিযোগে খোরশেদ আলম নামে একজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক বেগম সেলিনা আক্তার এই আদেশ দেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০২১ সালের ২৫ অক্টোবর রাতে টাকা ও স্বর্ণালংকার চুরি করতে এসে নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়নের চান্দলা গ্রামের জবা বেগমকে (৭৫) গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন নিহতের ছেলে মো. নুরুল আমিন।
পরে পুলিশ তদন্ত করে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই উপজেলার সিজিয়ারা গ্রামের মো. খোরশেদ আলমকে (২৫) গ্রেপ্তার করে। সাক্ষ্যপ্রমাণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন আদালত।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. মজিবুর রহমান বাহার ও অ্যাডভোকেট শেখ মাসুদ ইকবাল মজুমদার। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আ হ ম তাইফুর আলম ও অ্যাডভোকেট মো. ফারুক আহমেদ।
এম জি