
বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে জাপানে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ ইকোনমিক জোনস ইনভেস্টমেন্ট সেমিনার’ শীর্ষক সেমিনার।
শুক্রবার (২৮ এপ্রিল) জাপানের ওসাকায় এ সেমিনারের আয়োজন করা হয়।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), জাপানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ স্পেশাল ইকনমিক জোন, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) ও এশিয়া প্যাসিফিক ইনস্টিটিউট অব রিসার্চের (এপিআইআর) যৌথ উদ্যোগে আয়োজন করা হয় এই সেমিনার।
জাপানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি সফরের অংশ হিসেবে এবং বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছর পূর্তিতে বাণিজ্য ও বিনিয়োগের বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অর্জনকে তুলে ধরতে এই সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বাংলাদেশে বিনিয়োগের অপার সম্ভাবনার চিত্র তুলে ধরেন। তিনি বলেন, ৬ শতাংশ গড় জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বের ৩৫তম বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশ ধারণ করে আছে ৬৬ শতাংশ কর্মক্ষম জনবল।
এছাড়া কোভিড পরবর্তী অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে বাংলাদেশ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ওয়াল স্ট্রিট জার্নাল, জেপি মর্গানসহ সকলের প্রশংসা অর্জন করেছে বলে জানান তিনি। পাশাপাশি নারীর ক্ষমতায়ন, ডিজিটাল বাংলাদেশের, বিনিয়োগ ও রফতানিবান্ধব নীতি, স্বাস্থ্য খাতে সরকারের বিভিন্ন প্রয়াস ও অর্থনৈতিক অঞ্চলের সুযোগ সুবিধাগুলোও তুলে ধরেন ইউসুফ হারুন।
সেমিনারে জাইকা ও জেট্রোর পক্ষ থেকে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার চিত্র ও সম্ভাবনার বিষয়ে বিশেষ উপস্থাপনা প্রদান করা হয়। সেমিনারে বাংলাদেশের শিল্প অবকাঠামো শক্তিশালীকরণে জাইকার সহায়তা সম্পর্কে তুলে ধরে প্রতিষ্ঠানটি। আর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে বাংলাদেশের বর্তমান বিনিয়োগ নীতি তুলে ধরা হয়।
এছাড়াও বেজার পক্ষ থেকে ‘পটেনশিয়াল অব ইকনোমিক জোনস এস ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন উইথ বেজা’স কমিটমেন্ট’ বিষয়ে ও বাংলাদেশ স্পেশাল ইকনমিক জোন নিয়ে পৃথক উপস্থাপনা তুলে ধরা হয়। উপস্থাপনায় জাপানিজ অর্থনৈতিক অঞ্চলসহ অন্যান্য অর্থনৈতিক অঞ্চলগুলোর বর্তমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে জাপানি বিনিয়োগকারীদের অবহিত করা হয়।
সেমিনারে বেজা, বিডা, জাইকা, জেট্রো, এপিআইআর, জাপানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশ স্পেশাল ইকনমিক জোনের প্রতিনিধি ও প্রায় ১০০ জন জাপানিজ বিনিয়োগকারী উপস্থিত ছিলেন।
এএ