
ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিন বন্ধের পর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি পুনরায় বন্দরের কার্যক্রম শুরু হয়েছে। তবে বাংলাবান্ধা স্থলবন্দর কার্যক্রম ও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে।
শনিবার (২৯ এপ্রিল) সকালে আমদানি-রপ্তানি চালুর বিষয়টি নিশ্চিত করেন বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি- রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদর-ই খুদা মিলন।
তিনি জানান, ঈদুল ফিতর উপলক্ষে ১৯ এপ্রিল থেকে ২৭ এপ্রিল ও শুক্রবার সাপ্তাহিক ছুটি ২৮ এপ্রিলসহ ১০ দিন আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম বন্ধ ছিল। আজ শনিবার সকাল থেকে পুনরায় চালু হয়েছে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম।
বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ঈদ উপলক্ষে বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বাংলাবান্ধা চেকপোষ্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।
এম জি