
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা কোনো ষড়যন্ত্র, পেশীশক্তি ও বন্ধুকের নল বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি জনগণের রায় ও শক্তিকে। আমরা মনে করি জনগণ আমাদের সঙ্গে আছে।
তিনি বলেন, এ দেশ আমাদের, আমরাই নির্বাচনের মাধ্যমে সরকার নির্বাচিত করব।
শনিবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে চান্দিনা পৌরসভা মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আসাদুজ্জামান খান কামাল বলেন, কোনো দেশ, কে কী বলল তাতে কোনো কাজ হবে না। অতীতেও অনেক দেশ আমাদের পাশেও ছিল, ষড়যন্ত্রও করেছিল। দেশের জনগণ যখন সঙ্গে থাকে, তখন কোনো ষড়যন্ত্র কাজে দেয় না। তা বার বার প্রমাণিত হয়েছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার আবদুল মান্নান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার, উপজেলা পরিষদের চেয়ারম্যান তপন বকসিসহ অন্যরা।
এম জি