
কুমিল্লায় যুবলীগ নেতা জামাল হোসেন হত্যাকাণ্ডের ৬ দিন পর ৩ আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার (৭ মে) র্যাব-১১ অধিনায়ক লে. কর্নেল মো. তানভীর মাহমুদ পাশা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে জামাল হত্যাকাণ্ডের দুই দিন পর গত ২ মে রাত সাড়ে ১১টায় তার স্ত্রী পপি আক্তার বাদী হয়ে দাউদকান্দি থানায় নয় জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত নাম আট জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
নিহত ব্যক্তি তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন (৪০)।
মামলার আসামিরা হলেন, তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের ইসমাইল হোসেন, আরিফ হোসেন, মো. সুজন, মনাইরকান্দি গ্রামের শাহিনুল ইসলাম ওরফে সোহেল শিকদার, দাউদকান্দির গোপচর গ্রামের শাহ আলম, তিতাসের জিয়ারকান্দি গ্রামের অলি হাসান, কালা মনির ও জিয়ারকান্দি গ্রামের বাদল, শাকিল।
লে. কর্নেল মো. তানভীর মাহমুদ পাশা জানান, যুবলীগ নেতা হত্যা মামলার তিন আসমিকে র্যাব-১১ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করে। রোববার (৭ মে) বেলা ১১টায় কুমিল্লা নগরী শাকতলা র্যাব-১১ কার্যালেয়ে প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, গত ৩০ এপ্রিল রাত সোয়া ৮টার দিকে জামাল এশার নামাজ পড়তে গৌরীপুর পশ্চিম বাজার বায়তুন নুর জামে মসজিদের দিকে যাচ্ছিল। এ সময় বোরকা পরিহিত তিন দুর্বৃত্ত মসজিদ গলিতেই তাকে এলোপাতাড়ি একাধিক গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এম জি