
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় দেশের সর্ববৃহৎ দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় উৎপাদন বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (৯ মে) যমুনা সারকারখানার জিএম (প্রশাসন) দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে সোমবার (৮ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
কারখানা সূত্র থেকে জানা যায়, গত বছরের জুন মাসে কারখানায় তীব্র গ্যাস সংকট দেখা দেয়। পরে এই সংকট কাটিয়ে গত বছরের ডিসেম্বরে উৎপাদনে ফিরে যমুনা সার কারখানা। এক মাস না পেরোতেই অ্যামোনিয়া প্যান্টের রিফরমার টিউবে লিকেজ দেখা দেয়। এভাবে একই মাসে দুই দফা যান্ত্রিক ত্রুটিতে উৎপাদন বন্ধ হয়ে পড়ে। এরপর যান্ত্রিক ত্রুটি সারিয়ে উৎপাদনে ফিরলেও মাস তিনেক সময় না পেরোতেই আবারও সোমবার সন্ধ্যায় যান্ত্রিক ত্রুটি দেখা দিলে উৎপাদন বন্ধ হয়ে যায়।
জি এম (প্রশাসন) দেলোয়ার হোসেন জানান, সোমবার সন্ধ্যায় হঠাৎ কারখানার অ্যামোনিয়া সিনগ্যাস কম্প্রেসার ট্রিপ করে। এতে এমোনিয়া ও ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে পড়ে। দ্রুত সময়ের মধ্যে ত্রুটি সারিয়ে উৎপাদনে ফিরতে কাজ চলছে।
উল্লেখ্য, সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে ১৯৯২ সালে যমুনা সার কারখানা প্রতিষ্ঠিত হয়।
এম জি