
কুমিল্লার মনোহরগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের উত্তর ফেনুয়া গ্রামের এ ঘটনা ঘটে।
শিশুরা হলো উত্তর ফেনুয়া গ্রামের মো. সোহেলের ছেলে ইব্রাহিম খলিল এবং সোহেলের ছোট বোন নাছরিন আক্তারের মেয়ে লামিয়া আক্তার। তারা স্থানীয় উত্তর ফেনুয়া হোসাইনীয়া কাওমি মাদরাসার শিশু শ্রেণির শিক্ষার্থী এবং একই গ্রামের বাসিন্দা। সম্পর্কে মামাতো ভাইবোন।
স্থানীয়রা জানান, পাশাপাশি বাড়ি ও সমবয়সী হওয়ার কারণে মামাতো ভাই ইব্রাহিম খলিল (৫) ও ফুপাতো বোন লামিয়া আক্তার (৫) একসঙ্গে খেলাধুলা করত। প্রতিদিনের মতো আজ (বৃহস্পতিবার) দুজন বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায়। দুপুর ১২টার দিকে দুই শিশুর মরদেহ পানিতে ভেসে উঠলে স্বজনেরা উদ্ধার করে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
উত্তর হাওলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল হান্নান হিরু এ তথ্য নিশ্চিত করেছেন।
এম জি