
বিএনপিকে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সেইফ এক্সিট চাইলে নির্বাচনে আসুন। নির্বাচনের মধ্য দিয়ে সেইফ এক্সিট কারা নেবে জনগণই তা নির্ধারণ করবে।
শনিবার (১৩ মে) বিকেলে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী শহীদ মিনারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে আসা ছাড়া বিএনপির বিকল্প পথ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘বিদেশিরা পরামর্শ দিতে পারে, কিন্তু ক্ষমতায় বসাতে পারবে না। ক্ষমতায় বসাতে পারে দেশের জনগণ। আর আওয়ামী লীগ দেশের জনগণের ওপর নির্ভর করে।’
এ সময় বিএনপির রাজনীতি নিয়ে মন্তব্য করতে গিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তারেকের আসল লোক আমীর খসরু, মির্জা ফখরুল নয়।’
দণ্ডিত ব্যক্তি আরেক রহমানের নির্দেশে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চলছে বলে অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপির আন্দোলনের ডাক আসে টেমস নদীর ওপার থেকে। যিনি আন্দোলনের নির্দেশ দেন তিনি পলাতক ও দণ্ডিত আসামি।
দণ্ডিত ব্যক্তির বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হবে উল্লেখ করে আওয়মী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘অনলাইনে দণ্ডিত ব্যক্তি বক্তৃতা করতে পারবেন না, অথচ তারেক রহমান দিনের পর দিন অনলাইনে বক্তব্য দিচ্ছেন। বিষয়টি নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করছি।’
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার সহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এএ