
আগামী মঙ্গলবার (১৬ মে) যথাসময়েই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্নাতক ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঘূর্ণিঝড় মোখার কারণে পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের অনিশ্চয়তার প্রশ্নে বিশ্ববিদ্যালয় প্রশাসন আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে নিশ্চিত করেছে।
রোববার (১৪ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার দিবাকর বড়ুয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষা শুরু হবে মঙ্গলবার থেকে। চলবে ২৫ মে পর্যন্ত। বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিট দিয়ে পরীক্ষা শুরু হচ্ছে চবির ভর্তি কার্যক্রম।
১৬ ও ১৭ মে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিট, ১৮ ও ১৯ মে কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিট, ২০ মে ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিট এবং সকলের জন্য উন্মুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি অনুষ্ঠিত হবে ২২ মে।
প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে সকাল ৯টা ৪৫ মিনিটে। এছাড়া ‘ডি-১’ ও ‘বি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪ মে ও ২৫ মে।
এএ