
প্রতিষ্ঠানের ব্যয় কমানোর নীতি হিসেবে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে বিশ্বের অনেক নামিদামি প্রতিষ্ঠান। এবার এ তালিকায় যুক্ত হলো ব্রিটিশ টেলিকম সংস্থা ভোডাফোন। আগামী ৩ বছর পর্যায়ক্রমে ১১ হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করবে সংস্থাটি।
মঙ্গলবার (১৬ মে) ভোডাফোনের নতুন সিইও মার্গারিটা ডেলা ভ্যালের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
এতে বলা হয়, বছরের পর বছর ব্যবসা মন্দা যাওয়ায় কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে ভোডাফোন। প্রতিষ্ঠানটির সিইও আগামী তিন বছরের মধ্যে পর্যায়ক্রমে ১১ হাাজার কর্মী ছাঁটাই করবেন। মূলত এ ছাঁটাই পরিকল্পনা যুক্তরাজ্যের সদর দফতর ও অন্যান্য দেশের চলমান কার্যক্রমকে প্রভাবিত করবে।
ভ্যালে জানান, ‘ভোডাফেনের পারফরম্যান্স যথেষ্ট ভালো না। বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হবে। তাই ধারাবাহিকভাবে ভালো কাজ করে যেতে চাইলে পরিবর্তন আনা জরুরি।’
এ ছাড়া গ্রাহক ধরে রাখতে গ্রাহকদের সুরক্ষায় অগ্রাধিকার ও সংস্থার বৃদ্ধির দিকে নজর দেয়া হচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, ব্যবসায় চলমান মন্দা পরিস্থিতির মধ্যে টেলিকম বাজারের প্রতিযোগিদের সঙ্গে পাল্লা দিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে চলতি বছরের এপ্রিলে ভোডাফোনের নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ভ্যালে। দায়িত্ব নেয়ার পরপরই প্রতিষ্ঠানকে ঢেলে সাজানোর আভাস দেন তিনি।
ভোডাফোনের সবশেষ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, বিশ্বজুড়ে প্রায় ১ লাখ কর্মী রয়েছে প্রতিষ্ঠানটির।
এর আগে মঙ্গলবার (৯ মে) কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছিল পেশাজীবীদের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইন। মূলত প্রতিষ্ঠানের কার্যক্রমকে সুবিন্যস্ত করার লক্ষ্যে ৭১৬ জন কর্মীকে ছাঁটায়ের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
এএ