
আগামী ২৩ থেকে ২৫ মে দোহায় অনুষ্ঠিত কাতার ইকোনমিক ফোরামে (কিউইএফ) যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য আজ সোমবার (২২ মে) দোহার উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। আগামী ২৫ মে তার দেশে ফেরার কথা রয়েছে।
সোমবার (২২ মে) প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়রলাইন্সের একটি ফ্লাইট বিকাল ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় কাতারের রাজধানী দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
প্রধানমন্ত্রী কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে ‘তৃতীয় কাতার অর্থনৈতিক ফোরাম : নতুন বৈশ্বিক প্রবৃদ্ধির গল্প’ শীর্ষক ফোরামে যোগ দেবেন।
শেখ হাসিনা ২৩ মে তৃতীয় কিউইএফের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন, দোহায় কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন।
এছাড়াও প্রধানমন্ত্রী কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবি এবং সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রী খালিদ এ. আল-ফালিহের সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন।
প্রধানমন্ত্রী ২৪ মে কিউইএফ-এ যোগ দেবেন, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির (আমিরি দিওয়ানে) সাথে বৈঠক করবেন এবং আওসাজ একাডেমি (একটি বিশেষ স্কুল) পরিদর্শন করবেন।
এম জি