পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে ব্যক্তিগতভাবে কোনো 'সমস্যা নেই' বলে জানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তবে সেনাপ্রধান তার ক্ষমতায় ফেরা রোখার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানিয়েছেন।
পিটিআই সমর্থকদের বিচার করার জন্য সামরিক আইন ব্যবহার করা হবে বলে পাকিস্তানের বেসামরিক সরকার ঘোষণা দেওয়ার পর সার্বিক পরিস্থিতি নিয়ে শনিবার আল জাজিরার সঙ্গে কথা বলেন ইমরান খান।
তিনি বলেন, তার (সেনাপ্রধান) সঙ্গে আমার কোনো সমস্যা নেই, তবে মনে হয় আমাকে নিয়ে তার কোনো সমস্যা আছে।
গত ৯ মে ইমরান খানকে গ্রেপ্তার করার পর পাকিস্তানজুড়ে সহিংস বিক্ষোভে অন্তত আটজনের প্রাণহানি হয়। পরে গত শুক্রবার ইসলামাবাদের হাইকোর্ট ইমরান খানকে জামিন দেন। এই জামিনের মেয়াদ বুধবার শেষ হওয়ার কথা ছিল। তবে ওইদিন ইমরান খানের বিরুদ্ধে করা মামলার বিস্তারিত প্রস্তুতির জন্য আরও সময় চেয়ে তার আইনজীবী আবেদন করার পর আদালত জামিনের মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়িয়ে দেন।
জামিনে মুক্তি পাওয়ার পর থেকে জামান পার্কের বাড়িতেই অবস্থান করছেন পিটিআই প্রধান। সেখানেই আল জাজিরাকে সাক্ষাৎকার দেন তিনি।
এম জি