
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। কাতারের দোহায় অনুষ্ঠিতব্য ‘তৃতীয় কাতার ইকোনমিক ফোরামে’ যোগ দিতে এ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী।
সোমবার (২২ মে) বিকাল সোয়া ৩টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়রলাইন্সের একটি ফ্লাইট ঢাকা ত্যাগ করে।
এসময় মন্ত্রিপরিষদ সদস্য, মন্ত্রিপরিষদ সচিব, কূটনৈতিক, তিন বাহিনীর প্রধানসহ সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
প্রধানমন্ত্রী কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে ‘তৃতীয় কাতার অর্থনৈতিক ফোরাম : নতুন বৈশ্বিক প্রবৃদ্ধির গল্প’ শীর্ষক ফোরামে যোগ দেবেন।
শেখ হাসিনা ২৩ মে তৃতীয় কিউইএফের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন, দোহায় কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন।
এছাড়াও প্রধানমন্ত্রী কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবি এবং সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রী খালিদ এ. আল-ফালিহের সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন।
প্রধানমন্ত্রী ২৪ মে কিউইএফ-এ যোগ দেবেন, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির (আমিরি দিওয়ানে) সাথে বৈঠক করবেন এবং আওসাজ একাডেমি (একটি বিশেষ স্কুল) পরিদর্শন করবেন।
এম জি