
রাজশাহী মহানগরীতে সব ধরনের পদযাত্রা কর্মসূচি নিষিদ্ধ করেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষার্থে ও জননিরাপত্তার স্বার্থে পদযাত্রা নিষিদ্ধ করা হয়েছে।
সোমবার (২২ মে) রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পক্ষ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৩ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) রফিকুল আলম।
এতে বলা হয়েছে, আসন্ন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন-২০২৩-এর সিডিউল ঘোষিত হওয়ার পরিপ্রেক্ষিতে রাজশাহী মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা জরুরি। এমন পরিস্থিতিতে অননুমোদিত যেকোনো ধরনের পদযাত্রায় মহানগরীতে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা থাকে। তাই আইনশৃঙ্খলা রক্ষার্থে ও জননিরাপত্তা প্রতিবিধানে ২৩ মে থেকে রাজশাহী মহানগরী আইন, ১৯৯২-এর ধারা-৩০ মোতাবেক আরএমপির পুলিশ কমিশনার সব ধরনের পদযাত্রা কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করেছেন।
উল্লেখ্য বিএনপির পদযাত্রাকে ঘিরে রাজশাহী শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সকাল থেকে নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শহরের কোথাও মানুষজনকে জড়ো হতে দেখলেই তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। নগরীর সাহেব বাজার, রাণী বাজার ও সোনাদিঘীর মোড় এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।
এম জি