
চলতি হজ মৌসুমে সোমবার রাত পর্যন্ত সর্বমোট ৬ হাজার ৯৬৭ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
মঙ্গলবার (২৩ মে) দিবাগত মধ্যরাতে হজযাত্রী বহনকারী এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, হজ অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য জানানো হয়েছে।
হজ অফিস জানিয়েছে, এখন পর্যন্ত যেসব হজযাত্রী সৌদি পৌঁছেছেন তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২৪৮৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪৪৭৮ জন।
গত ২১ মে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট শুরু হয়। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ২২ জুন।
চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার কথা ছিল। কিন্তু এবার হজের খরচ বেড়ে যাওয়ায় প্রায় সাড়ে ৩ হাজার কোটা খালি রেখেই হজের সার্বিক প্রস্তুতি শেষ করেছে সরকার।
এবার সবচেয়ে বেশি ১৬২টি ফ্লাইটে ৬১ হাজার যাত্রী নেবে বিমান বাংলাদেশ। এ ছাড়া ৫৩টি ফ্লাইটে ফ্লাইনাস এয়ারলাইন্স নেবে ২০ হাজার এবং ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার হজ যাত্রী পরিবহন করবে সৌদি এয়ারলাইন্স।
এম জি