
চলতি বছর হজ পালনের জন্য এখন পর্যন্ত ৪৪ হাজার ১৫৬ জন বাংলাদেশী হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এসৌদিতে যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ৮৫৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩৬ হাজার ২৯৭ জন।
শুক্রবার (২ জুন) রাত ৩টায় হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।
এদিকে হজে গিয়ে এখন পর্যন্ত মো. আব্দুল ওয়াহেদ (৪৬) নামে একজনের মৃত্যু হয়েছে। তার পাসপোর্ট নম্বর A04664227।
চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার কথা ছিল। কিন্তু এবার হজের খরচ বেড়ে যাওয়ায় প্রায় সাড়ে তিন হাজার কোটা খালি রেখেই হজের সার্বিক প্রস্তুতি শেষ করেছে সরকার।
এরপর গত ২১ মে থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট শুরু হয়। শেষ হবে ২২ জুন। হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।
উল্লেখ্য, চাঁদ দেখাসাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
এম জি