
বর্তমান সরকার জনগণের রক্ত শুষে নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শুক্রবার (২ জুন) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে জিয়া পরিষদ। এ সময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব অধ্যক্ষ নজরুল ইসলাম তালুকদার।
রুহুল কবির রিজভী বলেন, গোটা জাতির রক্ত শুষে নিচ্ছে বর্তমান সরকার। আজকে প্রধানমন্ত্রী বলেন, কীসের গণতন্ত্র? আগে উন্নয়ন। আসলে যারা জনগণকে ভয় পায়, তারাই এ ধরনের কথা বলে।
তিনি বলেন, একটি জাতিকে স্বয়ংসম্পূর্ণ করা, আত্মনির্ভরশীল করা এবং সামনের দিকে এগিয়ে নেওয়ার যে প্রয়াস; তার সবই করেছিলেন শহীদ জিয়াউর রহমান। তিনি মানুষকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য উদ্বুদ্ধ করেছিলেন। যা একজন বড় মাপের রাষ্ট্রনায়ক না হলে কখনোই সম্ভব নয়।
রিজভী বলেন, স্বাধীনতার পর যারা ক্ষমতায় ছিলেন, তাদের দুর্নীতি, অনাচার, লুটপাট, টাকা পাচার ও রক্ষী বাহিনীর অত্যাচার উপেক্ষা করে যুদ্ধবিধ্বস্ত জাতিকে একটি আত্মনির্ভরশীল জাতিতে দাঁড় করেছিলেন। যা বড় মাপের রাষ্ট্রনায়ক না হলেও সম্ভব নয়।
তিনি আরও বলেন, আজকে বর্তমান অবৈধ সরকারের অবৈধ বাজেট নিয়ে বলার কিছু নেই। সরকার লুটপাট করেছে, টাকা পাচার করেছে, মেগা প্রজেক্টে নেতাকর্মীকে টাকা লুটের সুযোগ দিয়েছে। আসলে এ সরকার মানুষের জীবন থেকে রক্ত নিংড়ে নিচ্ছে।
জিয়া পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবদুল কুদ্দুসের সভাপতিত্বে এবং আবুল কালাম আজাদের পরিচালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন, জিয়া পরিষদের অধ্যাপক ড. শফিকুল ইসলাম, অধ্যাপক লুৎফর রহমান, এম জহির আলী, অ্যাডভোকেট দেওয়ান মাহফুজুর রহমান ফরহাদ, আবদুল্লাহিল মাসুদ, ডা. মজিবুর রহমান হাওলাদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. শামসুল আলম, অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম প্রমুখ।
এম জি