
তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ নিলেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। শনিবার (৩ জুন) স্থানীয় সময় দুপুর ৩টায় গ্রান্ড ন্যাশনাল অ্যাসেম্বলিতে তিনি শপথ নেন। খবর রয়টার্সের।
শপথে এরদোয়ান বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে আমি তুর্কি জাতির মর্যাদা, সংহতি ও এই দেশের স্বাধীনতা, অস্তিত্ব ও নিরাপত্তা রক্ষার শপথ নিয়েছি। এছাড়াও সংবিধান ও আইনের শাসন, গণতন্ত্র, রাষ্ট্রীয় মূলনীতি ও কামাল আতাতুর্কের সংস্কার মেনে চলারও অঙ্গীকার করছি।’
এ সময় তার শপথ গ্রহণের অনুষ্ঠান তুরস্কের কয়েকটি টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রাচার করা হয়। শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেন বিশ্বের ৭৮টি দেশের প্রতিনিধি। এর মধ্যে ২১টি দেশের রাষ্ট্রপ্রধান ও ১৩টি দেশের প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের সদস্য, আইনপ্রণেতারা ছিলেন।
এছাড়া ন্যাটো, ওআইসি, অর্গানাইজেশন অব টার্কিক স্টেট (ওটিএস) ও অন্যান্য সংস্থার প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন। শপথ শেষে আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা কামাল আতাতুর্কের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
গত রোববার (২৮ মে) তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধীদলীয় নেতা কামাল কিলিচদারোগলুকে হারিয়ে জয়ী হয়েছেন এরদোয়ান। নির্বাচনে তুরস্কের ক্ষমতাসীন প্রেসিডেন্ট রিসেফ তাইয়েপ এরদোয়ান ৫২.১৪ শতাংশ ভোট পান। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলু পান ৪৭.৮৬ শতাংশ ভোট।
গত ১৪ মে অনুষ্ঠিত প্রথম দফার ভোটে তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট এরদোয়ান এগিয়ে থাকলেও নির্বাচিত হতে ব্যর্থ হন। দেশটির নির্বাচনের নিয়ম অনুযায়ী, প্রেসিডেন্ট হতে হলে ৫০ শতাংশ সমর্থন পেতে হয়।
প্রথম দফার নির্বাচনে এরদোয়ান পেয়েছিলেন ৪৯ দশমিক ৫২ শতাংশ ভোট৷ অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দী কেমাল পান ৪৪ দশমিক ৮৮ শতাংশ। ফলে স্থানীয় নিয়ম অনুযায়ী দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয়।
এএ