
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি বোঝার চেষ্টা করছে জাপান। সরকার বদল হলেও পরিস্থিতি বিনিয়োগবান্ধব থাকবে কি না, সে বিষয়ে জানতে চেয়েছেন রাষ্ট্রদূত কিমিনোরি।
রোববার (৪ জুন) সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
আমির খসরু বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে বিদেশিরা উদ্বেগ প্রকাশ করছে। সেসব বিষয়গুলো নিয়েই জাপানিজ রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সাথে আলোচনা হয়েছে।
তিনি বলেন, আগামী নির্বাচন ও মানবাধিকার পরিস্থিতির বিষয়ে কথা হয়েছে। বাংলাদেশে জাপানের অনেক বিনিয়োগ থাকায় সেজন্য তারা উদ্বেগের মধ্যে আছেন বলেও জানান তিনি।
তিনি বলেন, বর্তমানে দেশের মানবাধিকার পরিস্থিতি ও নির্বাচন নিয়ে জাপানসহ সবাই কনসার্ন রয়েছে। এছাড়াও নির্বাচনকালীন দেশের পরিস্থিতি কেমন থাকবে সেটা বোঝার চেষ্টা করছেন তারা।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাপানী রাষ্ট্রদূতের সাথে বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটি সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি সদস্য শামা ওবায়েদ।
এম জি