
মে মাসে বাংলাদেশে মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৯৪ শতাংশ হয়েছে। যা গত এক দশকের মধ্যে সবচেয়ে বেশি। সোমবার (৫ জুন) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এ তথ্য জানিয়েছে।
এর আগে গত বছরের আগস্টে সর্বোচ্চ ৯ দশমিক ৫২ শতাংশে পৌঁছেছিল ভোক্তা পর্যায়ে পণ্যের মূল্য প্রকাশের এই সূচকটি।
মে মাসে খাদ্য মূল্যস্ফীতি ৪০ বেসিস পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ২৪ শতাংশে। এপ্রিলে তা ছিল ৮ দশমিক ৮৪ শতাংশ।
খাদ্যবহির্ভূত মুদ্রাস্ফীতিও বেড়েছে। এটি গত মাসে ২৪ বেসিস পয়েন্ট বেড়ে ৯ দশমিক ৯৬ শতাংশে দাঁড়িয়েছে, যা এপ্রিলে ছিল ৯ দশমিক ৭২ শতাংশ।
চাল, ডাল, তেল, লবণ, মাছ, মাংস, সবজি, মসলা ও তামাকজাতীয় পণ্যের দাম বাড়ায় খাদ্যে মূল্যস্ফীতির হার বেড়েছে বলে জানিয়েছে বিবিএস।
এ ছাড়া বাড়িভাড়া, আসবাবপত্র, গৃহস্থালি, চিকিৎসাসেবা, পরিবহন ও শিক্ষা উপকরণের দাম বাড়তি।
বিবিএসের তথ্য অনুযায়ী, খাদ্য (ফুড) ও খাদ্যবহির্ভূত (নন-ফুড) উভয় ক্ষেত্রের মূল্যস্ফীতিই এই সামগ্রিক বৃদ্ধিতে অবদান রেখেছে।
এএ