
দেশের দ্রুত বর্ধনশীল মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান উপায় এবং ইউসিবি এর সাথে সম্প্রতি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল)। উপায় এর চিফ কমার্শিয়াল অফিসার জিয়াউর রহমান, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এসইভিপি ও হেড অব ট্রান্সেকশন ব্যাংকিং মো. সেকান্দার-ই-আজম এবং জেজিটিডিএসএল-এর কোম্পানি সচিব মো. শহিদুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তি স্বাক্ষর করেন।
ইউসিবি, উপায় ও জালালাবাদ গ্যাসের মধ্যে প্রয়োজনীয় কারিগরী সংযোগ স্থাপন শেষে দ্রুতই এ সেবাটি চালু করা হবে। এ চুক্তির ফলে জালালাবাদ গ্যাসের গ্রাহকগণ POS ও GPRS পদ্ধতিতে জেজিটিডিএসএল কাস্টমার অ্যাপ, উপায় কাস্টমার অ্যাপ এবং উপায় এজেন্ট অ্যাপ- উভয়ের মাধ্যমেই প্রি-পেইড গ্যাস মিটারে রিচার্জ করতে পারবে।
জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লি. এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মনজুর আহমদ চৌধুরী এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও উপায় এর পরিচালন পর্ষদ সদস্য এটিএম তাহমিদুজ্জামান এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেজিটিডিএসএল এর মহাব্যবস্থাপকগণ সহ প্রকল্প পরিচালক প্রকৌ. লিটন নন্দী, অফিসার্স ওয়েলফেয়ার এসাসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক, প্রকল্প দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সিবিএর সভাপতি ও সাধারণ সম্পাদক, সিলেটস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ভিপি ও শাখা ব্যবস্থাপক মো. নাজমুল ইসলাম ও সভ্যসাচী গুপ্ত এবং উপায় থেকে হেড অব গভার্ণমেন্ট সেলস হাসান মো. জাহিদ।
২০২১ সালের ১৭ মার্চ আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবসিডিয়ারি ‘উপায়’। বর্তমানে উপায় বিস্তৃত পরিসরে এমএফএস সেবা প্রদান করছে ইউএসএসডি এবং মোবাইল অ্যাপ উভয়ের মাধ্যমে। উপায় এর মাধ্যমে গ্রাহকরা সব ধরনের আর্থিক লেনদেন যেমন: ক্যাশ-ইন, ক্যাশ-আউট, ইউটিলিটি বিল পেমেন্ট, মার্চেন্ট ও ই-কমার্স পেমেন্ট, রেমিট্যান্স, বেতন ও সরকারি ভাতা গ্রহণ, শিক্ষা প্রতিষ্ঠানের ফি, মোবাইল রিচার্জ ছাড়াও সেতুর টোল প্রদান, ট্রাফিক ফাইন পেমেন্ট এবং ভারতীয় ভিসা ফি পেমেন্টের মতো সেবা গ্রহণ করতে পারছেন।
এএ