
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় অংশ নেওয়া ১ লাখ ১৫ হাজার ২২৩ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১১ হাজার ১৬৯ জন (পাসের হার ৯ দশমিক ৮৭)৷
২ হাজার ৯৩৪ জন পরীক্ষার্থী এবার এই ইউনিটের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন। পরীক্ষার এক মাস পর ফলাফল প্রকাশ করা হলো।
বুধবার (৭ জুন) দুপুর ১টায় অধ্যাপক আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ ফলাফল প্রকাশ করেন৷ গত ৬ মে এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ঢাবির ওয়েবসাইটে (admission.eis.du.ac.bd) গিয়ে শিক্ষার্থীর উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সাল ও মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর দিলে ফলাফল জানা যাবে। এ ছাড়াও, রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে 'DU ALI <roll no>' টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।
এম জি