
২০১৮-২০১৯ অর্থবছর থেকে ২০২১-২২ অর্থ-বছর পর্যন্ত অর্থাৎ গত চার অর্থবছরে দেশে মোট প্রস্তাবিত বিনিয়োগ ৪৬ লাখ ৯১ হাজার ১৯৫ মিলিয়ন টাকা বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
বৃহস্পতিবার (৮ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে এ সংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন আওয়ামী লীগের সদস্য নুরুন্নবী চৌধুরী। লিখিত জবাবে মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) তথ্য তুলে ধরেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ, বিনিয়োগবান্ধব সরকারি নীতি গ্রহণ ও বাস্তবায়ন, প্রণোদনা প্রদান, অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কারণে দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে।
বিডার তথ্য মতে, ২০১৮-২০১৯ অর্থবছর থেকে ২০২১-২০১২ অর্থবছরে দেশি বিনিয়োগ ৩৪ লাখ ৪৩ হাজার ৯৮৯ মিলিয়ন টাকা। বিদেশি বিনিয়োগ ১২ লাখ ৪৭ হাজার ২০৬ (বার লাখ সাতচল্লিশ হাজার দুই শত পাঁচ দশমিক ছয় আট ছয়) মিলিয়ন টাকা।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, ২০১৮-২০১৯ অর্থবছর থেকে ২০২১-২০২২ অর্থবছরে দেশে প্রকৃত বিদেশি বিনিয়োগের পরিমাণ ১৩ লাখ ৩০ হাজার ৪৯৫ মিলিয়ন টাকা।
এএ