
ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ আলী আরাফাত।
এতদিন আরাফাত আওয়ামী লীগের হয়ে নানা বুদ্ধিবৃত্তিক কাজে যুক্ত ছিলেন। টক শোতে আওয়ামী লীগ ও সরকারের পক্ষে কথা বলেছেন। গত ডিসেম্বরে প্রথমবার দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হন তিনি। এবার সংসদ সদস্য হওয়ার দৌড়ে তিনি শামিল হলেন।
শুক্রবার গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার ও সংসদীয় বোর্ডের যৌথসভায় মোহাম্মদ এ আরাফাতকে ঢাকা–১৭ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় দেশের নয়টি পৌরসভার মেয়র পদে এবং ৩৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদেও দলীয় প্রার্থী মনোনয়ন দেওয়া হয়।
রাতে গণভবনের ফটকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনোনয়ন বোর্ডের সদস্য ওবায়দুল কাদের আরাফাতের মনোনয়ন পাওয়ার কথা সাংবাদিকদের জানান।
এ আসনে উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেতে ২২ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তাঁদের মধ্যে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাদের পাশাপাশি কেন্দ্রীয় নেতা, ব্যবসায়ী, চিত্রনায়কও ছিলেন।
আগামী ১৭ জুলাই ঢাকা-১৭ আসনে উপনির্বাচন হবে। এই ভোট হবে কাগজের ব্যালটে। গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক) মারা যাওয়ার পর এই আসন শূন্য ঘোষণা করা হয়। রাজধানীর গুলশান, বনানী, ভাষানটেক থানা ও সেনানিবাস এলাকা নিয়ে এই আসনটি গঠিত।
এএ