পার্বত্য জেলা বান্দরবানের রুমা থেকে চার নির্মাণ শ্রমিককে অস্ত্রের মুখে অপহরণের অভিযোগ উঠেছে কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বিরুদ্ধে। শুক্রবার (৯ জুন) ভোরে রুমার বগালেক এলাকায় এ ঘটনা ঘটলেও শনিবার সকালে বিষয়টি জানাজানি হয়।
অপহৃত শ্রমিকরা হলেন- ইদ্রিস, আওয়াল, জসিম ও রিপন বড়ুয়া।
এ বিষয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার ভোরে রুমা উপজেলার বগালেক এলাকা থেকে অস্ত্র দেখিয়ে চার শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় কেএনএফের সন্ত্রাসীরা। পরে বিকালে জসিম ও রিপনকে ছেড়ে দিয়েছে।
এ বিষয়ে রুমা থানার ওসি আলমগীর হোসেন বলেন, ‘দুই নির্মাণ শ্রমিককে অপহরণের খবর শুনেছি, তবে এখনও কোনও অভিযোগ আসেনি।’
রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছৈয়দ মাহবুবুল হক বলেন, ‘শুক্রবার ভোরে রাস্তার নির্মাণ কাজের চার শ্রমিককে কেএনএফ অপহরণ করে নিয়ে যায়। বিকালে দুই জনকে ছেড়ে দিলেও বাকি দুজন এখনও তাদের কাছে রয়েছে।’
এর আগে গত ১৭ মার্চ নির্মাণ কাজের ঠিকাদার সার্জেন্ট আনোয়ারকে অপহরণ করে নিয়ে যায় কেএনএফের সদস্যরা। ১৫ দিন পর তাকে মুক্তি দেওয়া হয়।
এনজে