
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনের (ইসি) কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দিতে ‘জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন, ২০২৩’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (১২ জুন) প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
তিনি বলেন, এর মাধ্যমে সকল নাগরিকের একটি ইউনিক জাতীয় পরিচয়পত্র নম্বর থাকবে। ফলে ভোটার কার্ড, জন্মনিবন্ধনের জন্য আলাদা সনদ বা কার্ডের বিষয়টি ধীরে ধীরে উঠে যাবে। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আলাদা নিবন্ধকের কার্যালয় করা হবে। আইডি কার্ড সংশোধনের দায়িত্ব পাবে এই কার্যালয়।
এই কার্যক্রম চালাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জনবলের সংকট হবে কি না প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রস্তাবিত আইনটি পাশ হলে নিবন্ধকের কার্যালয় চাহিদা অনুযায়ী জনবল নিয়োগ করতে পারবেন।
এএ