
চেক প্রতারণার ৪ মামলায় ঝালকাঠির একটি আদালত থেকে জামিন পেয়েছেন ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল।
সোমবার (১২ জুন) ঝালকাঠির জেষ্ঠ্য বিচারিক হাকিম আদালতের বিচারক এইচ.এম ইমরানুর রহমান তার জামিন মঞ্জুর করেন।
এদিকে, অপর এক আদেশে ইভ্যালির সাবেক চেয়ারম্যান রাসেল'র স্ত্রী শামীমা নাসরিনের সব স্থাবর সম্পত্তি ও অস্থাবর মামালাল ক্রোক করার আদেশ দিয়েছেন বিচারক।
রাসেলের আইনজীবী হাফিজুর রহমান বলেন, চারটি মামলায় রাসেলের জামিন মঞ্জুর হয়েছে। আরও মামলায় গ্রেপ্তার থাকায় রাসেল কারামুক্ত হতে পারছেন না।
বাদী পক্ষের আইনজীবী মিজারুর রহমান মুবিন জানান, ২০২২ সনে ঝালকাঠি আদালতে ইভ্যালির নামে ৪টি চেক প্রতারণা মামলা করেন স্থানীয় ৩ ব্যক্তি। এদের মধ্যে মো. মুস্তাহিদ আলম দুইটি সি. আর মামলা দায়ের করেছিলেন। পৃথক দুই মামলায় তার দাবি ছিল ৬ লাখ ৯০ হাজার টাকা। মামলা নম্বর ২১১/২২ (ঝাল) এবং ২১২/২২ (ঝাল)। এছাড়া ৫ লাখ ৯৫ হাজার টাকার দাবিতে সি.আর মামলা করেছিলেন মো. ইব্রাহীম খলিল। মামলা নম্বর ২১৩/২২ (ঝাল)। এনামুল হক সাজু নামের অপর এক গ্রাহক ২১৪/২২ (ঝাল) নম্বরের একটি সি.আর মামলা দায়ের করেছিলেন। এই গ্রাহকের দাবি ইভ্যালী কোম্পানির কাছে তার পাওনা ১৮ লাখ ১৭ হাজার ৭১ টাকা।
তিনি আরো জানান, মামলার বাদীর আবেদনের প্রেক্ষিতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঝালকাঠি কারাগারে আনা হয় আসামি রাসেলকে। সোমবার সকালে আদালতে স্ব-শরীরে হাজির হলে পাঁচ হাজার টাকা বেইল বন্ডে জামিন মঞ্জুর করা হয়েছে তার।
এএ