
চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন ৭৯ হাজার ৪৪ জন হজযাত্রী। এর মধ্যে এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ জুন) মধ্যরাতে হজ পোর্টাল এ তথ্য জানায়।
এতে বলা হয়, সৌদি আরবে যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৮৬ ও বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৬৯ হাজার ৬৫৮ জন। এখন পর্যন্ত ১ লাখ ১৫ হাজার ৪টি ভিসা ইস্যু করা হয়েছে।
হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত ১৭ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৪ জন পুরুষ ও তিন জন নারী। তাদের মধ্যে মক্কায় মারা গেছেন ১৪ জন ও মদিনায় ৩ জন। সবশেষ ১৩ জুন মারা যাওয়া ব্যক্তির নাম মাকফুরা খাতুন (৬১)।
চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার কথা ছিল। কিন্তু এবার হজের খরচ বেশি হওয়ায় প্রায় সাড়ে তিন হাজার কোটা খালি রেখেই হজের সার্বিক প্রস্তুতি শেষ করেছে সরকার।
এরপর গত ২১ মে থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট শুরু হয়। শেষ হবে ২২ জুন। হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।
উল্লেখ্য, চাঁদ দেখাসাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
এম জি